ভোক্তা ও উৎপাদনকারী—উভয় পক্ষকেই বড় খরচের মুখে ফেলে পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার।
বুধবার (৩ জুন) দুপুরে বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে এই নতুন মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) ভবনে এই আদেশ জারি করা হয়।
ঘোষণা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের দাম ৯ দশমিক ১১ টাকা থেকে বাড়িয়ে ১০ দশমিক ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সাধারণ ভোক্তাদের এখন থেকে ইউনিট প্রতি ১ টাকা ৫২ পয়সা বেশি গুনতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন চার্জও কিলোওয়াট ঘণ্টায় ৩১ পয়সা থেকে বাড়িয়ে ৩৯ পয়সা করা হয়েছে।
অন্য দিকে পাইকারি বাজারে বিদ্যুতের দাম প্রতি কিলোওয়াট ঘণ্টায় ১ টাকা ৩৯ পয়সা বাড়ানো হয়েছে। এর ফলে পাইকারি রেট ৭ টাকা থেকে লাফিয়ে ৮ দশমিক ৩৯ টাকায় গিয়ে ঠেকল। বিইআরসি জানায়, বিদ্যুৎ খাতের আর্থিক ঘাটতি সমন্বয় ও সামগ্রিক উৎপাদন ব্যয় সামাল দিতেই এই সঞ্চালন ও পাইকারি মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত। নতুন এই বর্ধিত মূল্য দ্রুতই কার্যকর হতে যাচ্ছে।