সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা শরীয়তপুর সদর উপজেলায় এক ঝটিকা মিছিল বের করেছেন।
বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার কানারবাজার-বুড়িরহাট সড়কে ব্যানার হাতে সংগঠনটির শতাধিক নেতা-কর্মীকে এই প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, শরীয়তপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে নেতা-কর্মীরা কানারবাজার-বুড়িরহাট সড়ক ধরে হেঁটে যাচ্ছেন। মিছিলের অগ্রভাগে এক নেতাকে জাতীয় পতাকা বহন করতে দেখা যায়। এ সময় মিছিলকারীরা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর পক্ষে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় শীর্ষ নেতারা এই ভিডিওটি নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন।
এর আগে গত সোমবার ভোরে জেলা শহরের প্রধান সড়কে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা অনুরূপ একটি ঝটিকা মিছিল করেছিলেন। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, নিষিদ্ধ সংগঠনের মিছিলের কোনো খবর শুরুতে পুলিশের কাছে ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওটি পর্যালোচনা করে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।