ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
উপসম্পাদকীয়:

এইচএসসি ২০২৬: শেষ সময়ের প্রস্তুতিই সফলতার চাবিকাঠি

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। ইতোমধ্যে ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে স্বাভাবিকভাবেই এক ধরনের উদ্বেগ ও ব্যস্ততা দেখা যায়। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত দুশ্চিন্তা কখনো ভালো ফল বয়ে আনে না। বরং পরিকল্পিত প্রস্তুতি ও সময়ের সঠিক ব্যবহারই সাফল্যের মূল চাবিকাঠি।
যারা এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। তবে এটি একেবারে নতুন কোনো অভিজ্ঞতা নয়। তাই ভয় বা টেনশনে সময় নষ্ট না করে শেষ মুহূর্তের প্রতিটি দিন ও প্রতিটি ঘণ্টাকে কাজে লাগাতে হবে।
প্রথমেই একটি সাপ্তাহিক পড়াশোনার রুটিন তৈরি করা জরুরি। রুটিন অনুযায়ী নিয়মিত অধ্যয়ন করলে প্রস্তুতি অনেক বেশি গোছানো হয়। ১৩টি বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করে রিভিশন পরিকল্পনা করা যেতে পারে। প্রতিটি বিষয়ে অন্তত দুই দিন সময় দিয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পুনরায় পড়ে নেওয়া ভালো।
যে বিষয়গুলোতে দুর্বলতা রয়েছে, সেগুলোর জন্য অতিরিক্ত সময় বরাদ্দ রাখা উচিত। প্রতিদিন অন্তত দুই ঘণ্টা দুর্বল বিষয়ের পেছনে ব্যয় করলে ঘাটতি অনেকটাই পূরণ করা সম্ভব। পাশাপাশি পড়ার সময়কে এমসিকিউ ও সৃজনশীল অংশের জন্য আলাদাভাবে ভাগ করে নেওয়া দরকার।
এমসিকিউ অংশে ভালো করতে মূল পাঠ্যবই মনোযোগ দিয়ে পড়তে হবে। শুধু মুখস্থ নয়, বিষয়বস্তু বুঝে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে বিভিন্ন টেস্ট পেপার ও নির্বাচিত প্রতিষ্ঠানের প্রশ্ন অনুশীলন করলে আত্মবিশ্বাস বাড়বে।
সৃজনশীল অংশের জন্য নিয়মিত লিখিত অনুশীলনের বিকল্প নেই। অনেক শিক্ষার্থী দীর্ঘদিন লেখার চর্চা না করায় পরীক্ষার হলে গতি ও উপস্থাপনায় সমস্যায় পড়ে। তাই টেস্ট পরীক্ষার প্রশ্ন ও পূর্ববর্তী বছরের প্রশ্ন সমাধানের মাধ্যমে লেখার দক্ষতা বাড়াতে হবে।
পরীক্ষার আগে মডেল টেস্টে অংশগ্রহণ করাও গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুতির মান যাচাই করতে পারে এবং দুর্বল দিকগুলো চিহ্নিত করার সুযোগ পায়।
শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের সার্বিক প্রস্তুতির খোঁজখবর রাখা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা। অনেক প্রতিষ্ঠান বর্তমানে ‘গাইড শিক্ষক’ পদ্ধতি অনুসরণ করে থাকে, যেখানে একজন শিক্ষক নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর দায়িত্ব পালন করেন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মানসিকভাবে শক্তিশালী করতে সহায়তা করে। এছাড়া প্রতিষ্ঠানগুলো চাইলে পরীক্ষার আগে মডেল টেস্টের আয়োজন করতে পারে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী হবে।
অভিভাবকদের ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। সন্তানদের জন্য একটি শান্ত ও মনোরম পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে হবে। তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। কারণ পরীক্ষার আগে অসুস্থতা শিক্ষার্থীর ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম এবং মানসিক স্বস্তি নিশ্চিত করা অভিভাবকদের অন্যতম দায়িত্ব।
সবশেষে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। বর্তমানে স্মার্টফোন শিক্ষার্থীদের সময় নষ্টের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, গেমস কিংবা অপ্রয়োজনীয় ইন্টারনেট ব্যবহারে মূল্যবান সময় নষ্ট হয়। তাই পরীক্ষার এই গুরুত্বপূর্ণ সময়ে স্মার্টফোনের ব্যবহার সীমিত করে পড়াশোনায় সর্বোচ্চ মনোযোগ দেওয়া উচিত।
মনে রাখতে হবে, ভালো ফলাফল কোনো আকস্মিক ঘটনা নয়; এটি নিয়মিত পরিশ্রম, পরিকল্পনা ও আত্মবিশ্বাসের ফল। তাই শেষ সময়ের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে প্রস্তুতি নিলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব।

লেখক: ফরিদ আল হোসাইন, অধ্যাপক: মজিদ জরিনা স্কুল এন্ড কলেজ, নড় বালাখানা, শরীয়তপুর।