শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ পাপরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে একে অপরের মামাতো-ফুপাতো ভাই।
মৃত শিশুরা হলো—দক্ষিণ পাপরাইল এলাকার নুর মোহাম্মদ ফকিরের ছেলের ঘরের নাতি রিদম (৮) এবং তার মেয়ের ঘরের নাতি রিফাত (৭)।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল রিফাত। পরদিন বৃহস্পতিবার সকালে সে মামাতো ভাই রিদমকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে খেলতে যায়। দীর্ঘ সময় ধরে তারা ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, বাড়ির পাশে ফুটবল খেলার সময় তাদের বলটি পুকুরের পানিতে পড়ে যায়। তখন বলটি উদ্ধার করতে গিয়ে প্রথমে একজন পানিতে পড়ে ডুবতে শুরু করলে, তাকে বাঁচাতে গিয়ে অপর শিশুটিও পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়।
ভেদরগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের টিম পৌঁছানোর আগেই স্বজনরা শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।