ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের ঐতিহাসিক চমক

আসন্ন ফুটবল বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে বড় ধরনের ধাক্কা খেল শিরোপাপ্রত্যাশী ফ্রান্স। বৃহস্পতিবার (০৪ জুন) রাতে ফ্রান্সের নানতেঁসে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে স্বাগতিক ফরাসিদের ২-১ গোল ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে আফ্রিকান পরাশক্তি আইভরি কোস্ট। ফুটবল ইতিহাসে ফ্রান্সের বিপক্ষে আইভরি কোস্টের এটিই প্রথম জয়। এই হারের মাধ্যমে ফরাসিদের টানা ৯ ম্যাচের অপরাজিত যাত্রার অবসান ঘটল।

ম্যাচের শুরুতে অবশ্য প্রত্যাশিত ছন্দেই ছিল দিদিয়ের দেশমের ফ্রান্স। প্রথমার্ধের শেষ মুহূর্তে ম্যানচেস্টার সিটির তরুণ তারকা রায়ান চেরকির দুর্দান্ত এক গোল করে স্বাগতিকদের লিড এনে দেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে পুরোপুরি খেই হারিয়ে ফেলে ফরাসি রক্ষণভাগ। অন্যদিকে গতিময় ও আগ্রাসী ফুটবল নিয়ে পাল্টা আক্রমণে যায় আইভরি কোস্ট।

ম্যাচের ৫৩তম মিনিটে নিকোলাস পেপের রক্ষণভেদী পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনোকে পরাস্ত করেন ২৩ বছর বয়সী স্ট্রাসবার্গ ডিফেন্ডার গুয়েলা দুয়ে। সমতা ফেরানোর পর আক্রমণের ধার আরও বাড়ায় আইভরি কোস্ট। ম্যাচের শেষ দিকে এই গুয়েলা দুয়ের নিখুঁত এক ক্রস থেকে ডি-বক্সের ভেতর আলতো ট্যাপ-ইনে আইভরি কোস্টের জয়সূচক গোলটি করেন আমাদ দিয়ালো।

পরিস্থিতি সামাল দিতে ফরাসি কোচ দিদিয়ের দেশম দ্বিতীয়ার্ধে দলে প্রায় ১০টি পরিবর্তন আনেন। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে প্রথমার্ধে কয়েকটি আক্রমণ তৈরি করলেও বিরতির পরপরই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। বিশ্বকাপের আগে ফ্রান্সের একমাত্র স্বস্তির জায়গা ছিল গোলদাতা চেরকির অনবদ্য পারফরম্যান্স, যা আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে তাকে মূল একাদশে রাখার দাবি জোরালো করল।

এই ঐতিহাসিক জয় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আইভরি কোস্ট শিবিরে বিপুল আত্মবিশ্বাস জোগাবে। আগামী ১৫ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপ মিশন শুরু করবে। অন্যদিকে ধাক্কা খাওয়া ফ্রান্স আগামী সোমবার (০৮ জুন) লিলিতে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে।