লালমনিরহাটের তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে অন্তত ৩৩ জন নারী-পুরুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) ভারতীয় অপচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান, অতিরিক্ত সদস্য মোতায়েন এবং সার্বক্ষণিক তীক্ষ্ণ নজরদারির মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের জন্য জড়ো করা সব ব্যক্তিকে শেষ পর্যন্ত তাদের নিজস্ব ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। বর্তমানে এসব সীমান্ত পয়েন্টের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
বিজিবি সূত্র নিশ্চিত করেছে, শুক্রবার (০৫ জুন) ভোরে লালমনিরহাটের তিনটি পৃথক সীমান্ত পয়েন্টে মোট ৩৩ জন সন্দেহভাজন ব্যক্তির অবস্থান প্রথম শনাক্ত করা হয়। এর মধ্যে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) আওতাধীন বড়খাতা সীমান্তে ১১ জন, পাটগ্রামের পঁয়ষট্টিবাড়ী সীমান্তে ১০ জন এবং আদিতমারী উপজেলার দিঘলটারী-দুর্গাপুর সীমান্ত এলাকায় ১২ জনের উপস্থিতি মেলে। অনুপ্রবেশের বিষয়টি টের পাওয়া মাত্রই বিজিবি সীমান্তে অতিরিক্ত শক্তিতে টহল ও কৌশলগত অবস্থান জোরদার করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে কঠোর বাধা দেয়। ফলে দিনভর তারা জিরো লাইন ও ভারতীয় সীমান্তের ভেতরে অবস্থান করতে বাধ্য হয়।
পরবর্তীতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বিওপির বুড়া সারডুবি সীমান্তের ৮৮৬ নম্বর মেইন পিলার এলাকায় অবস্থান করা ১১ জনকে ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের ছোট মধুসূদন ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। একই রাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা ১২ জনকেও বিএসএফ সার্চলাইট বন্ধ করে ভারতের অভ্যন্তরে সরিয়ে নেয়। সর্বশেষ আজ শনিবার (০৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে পাটগ্রামের পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ ৮৪৬/১-এস মেইন পিলার এলাকায় অবস্থান করা বাকি ১০ জনকেও ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা সীমান্ত গেট খুলে কাঁটাতারের ভেতরে নিয়ে একটি পিকআপ ভ্যানে করে সরিয়ে ফেলে।
এ প্রসঙ্গে রংপুর সেক্টর সদর দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈধ প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করে সীমান্তের কাঁটাতারের গেট বা ফেন্সিংবিহীন এলাকা ব্যবহার করে বাংলাদেশে লোক পুশইনের এই চেষ্টা আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থী। রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এই লক্ষ্যে গোয়েন্দা নজরদারিসহ প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে।