নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জন বাংলাভাষী নারী, পুরুষ ও শিশুকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (অনধিকার অনুপ্রবেশ) চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারি ও অনড় অবস্থানের মুখে ব্যর্থ হয়েছে। টানা ১৯ ঘণ্টার তীব্র স্নায়ুযুদ্ধের পর শুক্রবার (০৫ জুন) গভীর রাতে ওই ব্যক্তিদের আবারও ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সীমান্তে বিজিবির এই অতন্দ্র প্রহরা ও দৃঢ় ভূমিকার কারণে অনুপ্রবেশের এই বড় ধরনের চেষ্টা নসাৎ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সীমান্তবর্তী বাসিন্দারা।
বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম শনিবার (০৬ জুন) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি মেইন পিলারের কাছ দিয়ে এই ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতের পান্নাছড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। ভুক্তভোগী দলের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন অবোধ শিশু ছিল। বিএসএফের এই অনাকাঙ্ক্ষিত তৎপরতার খবর পাওয়া মাত্রই বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় এবং আন্তর্জাতিক সীমানা রেখায় কড়া প্রতিরোধ গড়ে তোলে।
বিজিবির অনড় অবস্থানের কারণে দীর্ঘ সময় ধরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করে। এই দীর্ঘ ১৯ ঘণ্টা ধৃত ব্যক্তিরা ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী শূন্যরেখায় (জিরো লাইন) চরম মানবিক বিপর্যয়ের মধ্যে খোলা আকাশের নিচে অবরুদ্ধ অবস্থায় বসে ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মাহবুব আলম জানান, গভীর রাতে বিএসএফ সদস্যরা সীমান্ত কাঁটাতারের লাইটগুলো হঠাৎ নিভিয়ে দেয় এবং জিরো লাইনে আটকে থাকা কান্নায় ভেঙে পড়া ওই নারী-পুরুষ ও শিশুদের জোরপূর্বক টেনে-হিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও অবৈধ অনুপ্রবেশ রুখতে বিজিবির এমন তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।