জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ পদে মনোনীত হয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃতি সন্তান ও সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান রোকন।
সম্প্রতি আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় রোকনুজ্জামান রোকনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হচ্ছেন।
দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রোকনুজ্জামান রোকন মাঠপর্যায়ের একজন পরিচিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। তৃণমূল পর্যায় থেকে ছাত্রদলের রাজনীতি শুরু করে ধারাবাহিক সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি যুবদলের রাজনীতিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।
দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের কারণে তিনি একাধিকবার মামলা, গ্রেপ্তার, কারাবরণ এবং রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন।
দলীয় নেতাকর্মীদের মতে, তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম, সাহসিকতা ও দলের প্রতি অটল নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও কর্মীবান্ধব আচরণের মাধ্যমে রোকনুজ্জামান রোকন ইতোমধ্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। নতুন কমিটিতে তার অন্তর্ভুক্তিকে যুবদলের জন্য ইতিবাচক ও শক্তিশালী বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
নেতাকর্মীদের প্রত্যাশা, কেন্দ্রীয় যুবদলের কোষাধ্যক্ষ হিসেবে রোকনুজ্জামান রোকন সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবেন।