ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রেমিক-প্রেমিকার মতোই মাঝে মাঝে ট্রাম্প-নেতানিয়াহুর ঝগড়া হয়!’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন ও চরম উত্তেজনার খবরকে পুরোপুরি ভিত্তিহীন ও গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েহিয়েল লেইটার। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি রসিকতা করে মন্তব্য করেছেন, “তাদের মধ্যকার সম্পর্কটি অনেকটা প্রেমিক-প্রেমিকার মতো, যেখানে মাঝে মাঝে মান-অভিমান ও ঝগড়া হলেও সম্পর্কের গভীরতা কখনো নষ্ট হয় না।”

লেবানন ও ইরান ইস্যুতে দুই দেশের শীর্ষ নেতার বৈরিতা নিয়ে যখন আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জন তৈরি হয়েছে, ঠিক তখনই ইসরায়েলি রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন কৌশলী বক্তব্য এলো।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইয়েহিয়েল লেইটার দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার পারস্পরিক ব্যক্তিগত বন্ধুত্ব দীর্ঘ চার দশকের পুরোনো। দীর্ঘ এই সময়ে তাদের মধ্যে হওয়া শত শত ফোনালাপের সরাসরি সাক্ষী তিনি নিজে। রাষ্ট্রদূত বলেন, বর্তমান পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের অনুরোধ রক্ষা করতেই ইরান ইস্যুতে তেল আবিব তাদের সামরিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে কিছুটা সংযত ও নমনীয় অবস্থান গ্রহণ করেছে।

তবে রাষ্ট্রদূত লেইটার এটিও স্পষ্ট করে মনে করিয়ে দেন, ট্রাম্প নিজেও খুব ভালোভাবে অনুধাবন করেন যে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে কোনো রাষ্ট্রই পাল্টা জবাব না দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারে না।

হোয়াইট হাউস ও তেল আবিবের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, কৌশলগত ও সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে এখনও অত্যন্ত গভীর ও নিবিড় অংশীদারিত্ব এবং বোঝাপড়া বিদ্যমান রয়েছে। চলমান লেবানন সংকট প্রসঙ্গে তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার সঙ্গে লেবানন বা হিজবুল্লাহর কোনো সম্পর্ক নেই। ইরান অযথা এই শান্তি আলোচনাকে লেবাননের সাথে যুক্ত করার চেষ্টা করছে। ইসরায়েল যখন হিজবুল্লাহর ওপর আঘাত হানে, তখন ইরানের সেখানে নাক গলানো বন্ধ করা উচিত।