ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী কল্যাণ ভবনে ল্যাপটপ চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভবন থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর একান্ত সচিবের ব্যবহৃত একটি দাপ্তরিক ল্যাপটপ উধাও হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে ভবনের ১৬ তলায় ঘটে এ ঘটনা।

চুরির খবর প্রকাশ্যে আসতেই মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। কয়েক সপ্তাহ আগে সচিবালয়ে টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সরকারি স্থাপনায় চুরির ঘটনা সামনে এলো।

দাপ্তরিক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব মো. ইমামুল হাফিজ নাদিম নিজের টেবিলে ল্যাপটপ রেখে কয়েক মিনিটের জন্য অন্য কক্ষে যান। ফিরে এসে সেটি আর খুঁজে পাননি।

ঘটনার পরপরই ভবনজুড়ে তল্লাশি চালানো হয়। তবে ল্যাপটপ উদ্ধার করা সম্ভব হয়নি।

সিসিটিভি ফুটেজে খয়েরি রঙের শার্ট ও ধূসর প্যান্ট পরা মধ্যবয়সী এক ব্যক্তিকে কালো ব্যাগ হাতে ভবন ত্যাগ করতে দেখা গেছে। তদন্তসংশ্লিষ্টদের ধারণা, ওই ব্যাগেই চুরি হওয়া ল্যাপটপটি নেওয়া হয়েছিল।

নিরাপত্তা ইনচার্জ পিসি আশরাফুল আলম জানান, উপস্থিত ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করা হয়েছে। পুরো ভবনের নিরাপত্তায় মাত্র ২২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। সীমিত জনবলের কারণে নজরদারিতে চাপ তৈরি হচ্ছে।

এর আগে ২২ মে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের ৮ কেজি ২০০ গ্রাম তামার তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই ঘটনার পর সরকারি দপ্তরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি উঠলেও নতুন এ ঘটনায় উদ্বেগ বাড়ছে।