বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শুরুর মাত্র তিন দিন বাকি থাকতে অংশগ্রণকারী দেশ ইরানের সমর্থকদের জন্য বরাদ্দকৃত শতভাগ টিকিট হঠাৎ বাতিল করেছে সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) অভিযোগ, দুই দেশের মধ্যকার তীব্র ভূরাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনাকে ঢাল বানিয়ে মার্কিন প্রশাসন সাধারণ ইরানি সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশে পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করছে।
মঙ্গলবার (৯ জুন) তেহরান থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই গুরুতর বৈষম্যের অভিযোগ এনে ফিফার জরুরি হস্তক্ষেপ চেয়েছে ইরানি কর্তৃপক্ষ।
ফিফার অফিসিয়াল নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দেশের ফুটবল ফেডারেশনকে তাদের নিজস্ব ম্যাচের মোট গ্যালারি টিকিটের ন্যূনতম ৮ শতাংশ বরাদ্দ দেওয়া হয়। ইরান ফুটবল ফেডারেশন জানায়, তারা নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য ফিফা নির্ধারিত সেই টিকিট বরাদ্দ পেয়ে দেশের সমর্থকদের কাছে বিক্রিও সম্পন্ন করেছিল। হাজার হাজার সমর্থক ইতিমধ্যে আমেরিকা যাওয়ার ভ্রমণ ও হোটেল বুকিং নিশ্চিত করার পর হঠাৎ করেই ওয়াশিংটন সেই বরাদ্দ সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছে। যার ফলে গ্রুপ পর্বের ৩টি ম্যাচে গ্যালারিতে ইরানি সমর্থকদের উপস্থিতি পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে।
ইরানের দাবি, গত ফেব্রুয়ারির শেষ দিকে দেশটিতে চালানো এক সামরিক হামলার পর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত যুদ্ধাবস্থায় রূপ নিয়েছে। এর আগে তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, ফুটবল দলের অন্তত ১৫ জন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও টেকনিক্যাল কর্মকর্তাকে প্রবেশ ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন ইমিগ্রেশন বিভাগ। ভিসা জটিলতা ও নিরাপত্তার কারণে ইরান তাদের মূল বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প আমেরিকার অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানায় নিতে বাধ্য হয়।
বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক ক্রীড়া নীতি ও সাম্যের পরিপন্থী আখ্যা দিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত টিকিট পুনর্বহালের দাবি জানিয়েছে। তবে এই স্পর্শকাতর অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ফিফা বা আমেরিকান আয়োজক কমিটির পক্ষ থেকে কোনো দাপ্তরিক বক্তব্য পাওয়া যায়নি। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা রয়েছে।