শরীয়তপুরের নড়িয়ায় একটি নির্বাচনী ব্যানার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ব্যানারটিতে বাংলাদেশের ভিন্ন রাজনৈতিক ধারার তিন নেতার ছবি একসঙ্গে ব্যবহার করায় বিষয়টি নেটিজেনদের নজর কেড়েছে।

ব্যানারে এক পাশে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, অন্য পাশে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরেক পাশে তারেক রহমান-এর ছবি স্থান পেয়েছে। মাঝখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রচারণা চালিয়েছেন রনি মাঝি নামের এক যুবক।
ব্যানারটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ হাস্যরসাত্মক মন্তব্য করে বিষয়টিকে ট্রলের উপকরণে পরিণত করেছেন।
জানা গেছে, রনি মাঝি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাসিন্দা। তিনি বর্তমানে ঘড়িষার বাজারের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।
সম্প্রতি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রচারণার অংশ হিসেবে তিনি ব্যানার ও ফেস্টুন তৈরি করেন। তবে ব্যানারে দেশের ভিন্নধারার রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি একসঙ্গে ব্যবহার করায় বিষয়টি দ্রুত মানুষের নজরে আসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ব্যানারটির ছবি শেয়ার করে নানা ধরনের মন্তব্য করছেন। একজন মন্তব্য করেছেন, “দুই ভিন্ন রাজনৈতিক ধারার নেতাদের ছবি যখন একসঙ্গে দেওয়া হয়েছে, তখন দেশের সব রাজনৈতিক দলের নেতাদের ছবিই দেওয়া যেত।” আবার কেউ ব্যানারটিকে ‘সর্বদলীয় নির্বাচনী ব্যানার’ বলেও আখ্যা দিয়েছেন।
রাজনৈতিক সচেতন মহলের কেউ কেউ বিষয়টিকে ব্যতিক্রমী প্রচারণা হিসেবে দেখলেও অধিকাংশ নেটিজেন এটিকে হাস্যরসের দৃষ্টিতে দেখছেন। তাদের ধারণা, আলোচনায় আসতেই এমন ব্যতিক্রমধর্মী ব্যানার ব্যবহার করা হয়ে থাকতে পারে।
এদিকে ব্যানারটি নিয়ে আলোচনা যত বাড়ছে, ততই সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়ছে মন্তব্য, ট্রল ও নানা প্রতিক্রিয়া। ফলে স্থানীয় পর্যায়ের একটি নির্বাচনী প্রচারণা এখন পরিণত হয়েছে নেট দুনিয়ার আলোচিত এক ঘটনায়।