ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশি অভিযানে খিচুড়ি ফেলে পালালেন আ.লীগ নেতাকর্মীরা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিলদেওনিয়া এলাকায় রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতির সময় পুলিশের অভিযানে ছত্রভঙ্গ হয়ে যান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১০ জুন) রাত আনুমানিক ৮টার দিকে রাজনগর ইউনিয়নের ওই এলাকায় অভিযান চালায় নড়িয়া থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এলাকায় তাৎক্ষণিক তৎপরতা শুরু হয়।

পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনের কিছু কর্মী সেখানে সমবেত হয়ে কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। উপস্থিতদের জন্য খিচুড়ির আয়োজনও করা হয়েছিল।

পুলিশ পৌঁছানোর খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে হুড়োহুড়ি শুরু হয়। রান্না করা খাবার ও অন্যান্য সামগ্রী রেখে অনেকেই দ্রুত এলাকা ত্যাগ করেন।

অভিযানের সময় বিলদেওনিয়া গ্রামের মো. সাইফুল ইসলাম (২২) ও জোবায়ের ইসলাম অনিক (২১) নামে দুই যুবককে আটক করা হয়।

পুলিশ বলছে, সমাবেশ বড় আকার নেওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যান। আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।