ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৩ দস্যু আটক

সুন্দরবনের কুখ্যাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সুন্দরবনে দস্যু দমন অভিযানে এটি একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, গত ৯ জুন সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি সুইচগেট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি বিশেষ দল। অভিযানে জোনাব বাহিনীর সদস্য আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬)-কে আটক করা হয়। তারা সবাই শ্যামনগর উপজেলার বাসিন্দা।
আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১১টার দিকে হরিণটানা খাল সংলগ্ন এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
সরকারের নির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত করতে পরিচালিত ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জোনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবনের জেলে, বাওয়ালি ও বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি এবং সশস্ত্র ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
স্থানীয় ভুক্তভোগী ও মৎস্যজীবীদের অভিযোগ, বাহিনীর সদস্যরা অস্ত্রের ভয় দেখিয়ে বনজ সম্পদ আহরণকারীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করত এবং তাদের ওপর শারীরিক নির্যাতন চালাত। ফলে উপকূলীয় এলাকার সাধারণ মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জোনাব বাহিনীর অন্য সদস্যদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, অভিযানের সাফল্য নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে। তবে কোনো ধরনের অপপ্রচার বা ভিত্তিহীন তথ্য কোস্ট গার্ডের দস্যু দমন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারবে না।
কোস্ট গার্ড আরও জানায়, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত এবং নিরাপদ কর্মক্ষেত্র ও পর্যটন অঞ্চল হিসেবে গড়ে তুলতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিযানের ধারাবাহিকতা সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে। তবে অপরাধী চক্রের নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। জোনাব বাহিনীর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়নকারী ও সহযোগীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা গেলে সুন্দরবনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা আরও সহজ হবে।
সুন্দরবনের পরিবেশ, বনজ সম্পদ এবং বননির্ভর মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।