শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরণ বলেছেন, বর্তমান সরকার একটি শিক্ষাবান্ধব বাজেট ঘোষণা করেছে। এ বাজেটের ফলে দেশের শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন হবে। একটি জাতি সুশিক্ষিত হলে মাদক, দুর্নীতি ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, শিক্ষার মানোন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিদ্যালয়ের দুটি ভবন নির্মাণ, খেলার মাঠে মাটি ভরাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের আশ্বাস দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী সামছুল আলম দাদন, শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি মো. আবুল হোসেন সরদার, নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ঢালী নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, সহ-সভাপতি সালাহউদ্দিন ছৈয়াল, যুগ্ম সম্পাদক রাসেল হাওলাদার, যুবদল নেতা জুয়েল মাদবর, নিক্সন খান এবং স্বেচ্ছাসেবক দলের নেতা উজ্জ্বল শরীফ।
অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় শহীদ আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন, ভোজেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল দেওয়ান, নড়িয়া প্রবাসী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক হাজী আব্দুস সালাম, সহ-সভাপতি শওকত ছৈয়াল, বাদল খান, শিক্ষা সম্পাদক অলিদ আহাম্মদ লিটনসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।