বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচেই ধাক্কা খেতে বসেছিল ব্রাজিল। মরক্কোর বিপক্ষে পিছিয়ে পড়ার পর ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে সমতায় ফিরে শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
রোববার (১৪ জুন) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলেছে মরক্কো। উচ্চচাপের কৌশলে ব্রাজিলের রক্ষণভাগকে ব্যস্ত রাখে আফ্রিকার প্রতিনিধিরা। প্রথম দশ মিনিটেই সেলেসাওদের ওপর চাপ তৈরি করে তারা।
চাপ সামলে পাল্টা আক্রমণে সুযোগও পেয়েছিল ব্রাজিল। এক দ্রুতগতির আক্রমণে ইগর থিয়াগো গোলের সামনে বল পেলেও তা কাজে লাগাতে পারেননি।
২১তম মিনিটে ম্যাচের প্রথম গোল আসে মরক্কোর কাছ থেকে। থ্রু পাস ধরে গোলরক্ষক অ্যালিসনকে পরাস্ত করে চিপ শটে বল জালে পাঠান ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। গোল হজমের পর কিছু সময় চাপে পড়ে যায় ব্রাজিল।
তবে ৩২তম মিনিটে জবাব দেয় দক্ষিণ আমেরিকার দলটি। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে একজন ডিফেন্ডারকে কাটিয়ে শক্তিশালী শটে সমতা ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের গতি আরও বেড়ে যায়। কয়েকটি সম্ভাবনাময় সুযোগ তৈরি করলেও জয়ের গোল পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ড্র দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে হয়েছে ব্রাজিলকে।
ম্যাচের ফলাফলে গ্রুপ পর্বের শুরুতেই পয়েন্ট ভাগাভাগি করল দুই দল। মরক্কোও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট তুলে নিল।