বৈশ্বিক ভূ-রাজনীতিতে বড় ধরনের নাটকীয় মোড়। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি কার্যকর হয়েছে। এই চুক্তির ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর ‘হরমুজ প্রণালি’ দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার ঘোষণা এসেছে।
সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি সপ্তাহেই উত্তেজনা প্রশমনে দুই পক্ষ ধারাবাহিক আলোচনায় বসবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘সবাইকে অভিনন্দন!’ তিনি হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌচলাচল নিশ্চিত করতে তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা এবং মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বলে জানান।
জ্বালানি বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি হলো বিশ্ব অর্থনীতির লাইফলাইন। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল করতে এই সমঝোতা বড় ভূমিকা রাখবে। দীর্ঘদিনের এই অচলাবস্থা কাটায় বৈশ্বিক বাজারে স্বস্তি ফিরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।