শরীয়তপুরের ভেদরগঞ্জে এক শিশুকে ধর্ষণের চেষ্টার মতো গুরুতর অপরাধের বিচার হয়েছে স্থানীয় মাতব্বরদের গ্রাম্য সালিশে। বিচারের নামে করা হয়েছে আর্থিক লেনদেন ও শারীরিক হেনস্তা।
ঘটনাটি সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের। অভিযুক্ত কামাল কাজীকে ৫০ হাজার টাকা জরিমানা ও উপস্থিত লোকজনের সামনে চড়থাপ্পর মারার রায় দেয় সালিশকারীরা। জরিমানার টাকা পরিশোধের জন্য তাকে ১০ দিনের সময় দেওয়া হয়েছে।
ভুক্তভোগী চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত শুক্রবার স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে শিশুকে টাকার লোভ দেখিয়ে জনশূন্য এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন কামাল। শিশুটির চিৎকারে এলাকাবাসী তাকে আটকে ফেলে। পরদিন শনিবার সন্ধ্যায় দুলারচর নতুন বাজারের পাশে বসে এই বিতর্কিত সালিশ।
অভিযুক্তের অপরাধ স্বীকারের পর স্থানীয় ইউপি সদস্য নাছির হাওলাদারের নেতৃত্বে এই ‘বিচার’ সম্পন্ন হয়। একজন জনপ্রতিনিধির নেতৃত্বে এমন জঘন্য ঘটনার বিচারিক প্রক্রিয়া নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে।
সখিপুর থানার ওসি মোফাজ্জল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আনুষ্ঠানিক অভিযোগ জানালেই মামলা রুজু করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সালিশের নামে আইন হাতে তুলে নেওয়ার বিষয়টি নিয়ে বিব্রত স্থানীয় প্রশাসন।