ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে আবারো নিজের জাত চেনাল সৌদি আরব। শক্তিশালী লাতিন আমেরিকান দেশ উরুগুয়ের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে ১–১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে মধ্যপ্রাচ্যের দলটি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর স্মৃতি ফিরিয়ে এনে তারা প্রমাণ করল, বড় মঞ্চে তারা কোনো দলের জন্যই সহজ প্রতিপক্ষ নয়।
মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত ম্যাচে বলের দখলে উরুগুয়ে এগিয়ে থাকলেও আক্রমণের ধার ছিল দুই দলেই। প্রথমার্ধের ৪১ মিনিটে কর্নার থেকে হাসান আল তামবাকতির হেডের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন আবদুলেলাহ আল আমরি। উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুলকে কাজে লাগিয়ে ১–০ গোলে এগিয়ে যায় সৌদি আরব।
ম্যাচের শেষদিকে উরুগুয়ে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে। অবশেষে ৭৯ মিনিটে ম্যাক্সি আরাউহোর গোলে সমতায় ফেরে উরুগুয়ে। সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস প্রথম দফায় ফেদেরিকো ভিনাসের হেড রুখে দিলেও, ফিরতি বলে আরাউহো নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন।
ম্যাচ শেষে সৌদি আরবের রক্ষণের প্রশংসা করেছেন ফুটবল বোদ্ধারা। উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে এক পয়েন্ট অর্জন করে তারা টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা ভালোভাবে টিকিয়ে রাখল।