ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাই থেকে প্রেমের টানে শরীয়তপুরে পঞ্চাশোর্ধ্ব সলেমান, বিয়ে করলেন ২০ বছরের সুবর্ণাকে

ভালোবাসার কোনো সীমানা নেই—এমন প্রবাদ যেন আবারো বাস্তবে রূপ পেল শরীয়তপুরের জাজিরায়। প্রেমের টানে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে ছুটে এসেছেন সলেমান নামে পঞ্চাশোর্ধ্ব এক দুবাই নাগরিক। সেখানে ২০ বছর বয়সী বাংলাদেশি তরুণী সুবর্ণাকে বিয়ে করে এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।

সোমবার (১৫ জুন) জাজিরার মূলনা ইউনিয়নের সাবেক লাউখোলা গ্রামে পারিবারিক সম্মতিতে বর্ণাঢ্য আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে রবিবার রাতে আয়োজন করা হয়েছিল জমকালো গায়ে হলুদের অনুষ্ঠান।

জানা গেছে, দুই বছর আগে কাজের সন্ধানে দুবাই যান স্থানীয় ফারুক খানের মেয়ে সুবর্ণা। সেখানকার একটি পার্কে পরিচয় হয় সলেমানের সঙ্গে। সেখান থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সুবর্ণা দেশে ফেরার পর সলেমানও তার পিছু পিছু বাংলাদেশে চলে আসেন।

বিয়ে উপলক্ষে জামাই সলেমানের নিজস্ব অর্থায়নে প্রায় দেড় হাজার অতিথির জন্য বিশাল ভোজের আয়োজন করা হয়। কনের পরিবারের সদস্যরা এই বিয়েতে খুশি হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বর-কনের বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তুললেও পরিবারের দাবি, উভয়পক্ষের সম্মতিতে ও ভালোবাসার টানেই এই বিয়ে।

এ বিষয়ে জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ জানান, এমন বিয়ের খবর তিনি গণমাধ্যম থেকে জেনেছেন। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।