সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হয়েছে নবম জাতীয় পে স্কেলের রূপরেখা। নতুন কাঠামোয় কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, পেনশনে বড় ধরনের সমন্বয় এবং শিক্ষা, টিফিন ও বৈশাখী ভাতায় উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। সরকারি ব্যয় ব্যবস্থাপনার সুবিধার্থে এই নতুন পে স্কেল একবারে কার্যকর না করে আগামী ১ জুলাই থেকে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, নতুন পে স্কেলের গেজেট যেকোনো সময় প্রকাশ হতে পারে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডের বর্তমান ৭৮ হাজার টাকার মূল বেতন বেড়ে দাঁড়াবে ১ লাখ ১৭ হাজার টাকায়। একইভাবে দ্বিতীয় থেকে দশম গ্রেড পর্যন্ত সব পর্যায়ের কর্মকর্তাদের বেসিক বেতন ৫০ শতাংশ বৃদ্ধির ভিত্তিতে পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, ১১তম থেকে ২০তম গ্রেডের নিম্ন আয়ের কর্মচারীদের ক্ষেত্রে মূল বেতন ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির একটি সম্ভাব্য প্রস্তাব নিয়েও নীতিগত আলোচনা চলছে।
বেতন বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে ভাতাসমূহেও বড় পরিবর্তন আনা হচ্ছে। বৈশাখী ভাতা বর্তমানের ২০ শতাংশ থেকে বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। এছাড়া ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা (৫ গুণ) এবং সন্তানদের শিক্ষা ভাতা মাসিক ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।
পেনশনভোগীদের ক্ষেত্রেও নতুন কাঠামোয় বড় স্বস্তি মিলছে। মাসিক ২০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশন প্রাপকদের ক্ষেত্রে ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ৫৫ শতাংশ পর্যন্ত অর্থ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। গেজেট প্রকাশ ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হতে আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগলেও এই বর্ধিত সুবিধা ১ জুলাই থেকেই কার্যকর ধরা হবে। ফলে চাকরিজীবীরা বকেয়াসহ বর্ধিত বেতন-ভাতা পাবেন। উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন কাঠামো কার্যকর করা হয়েছিল।