ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে শরীয়তপুরের এক যুবককে লিবিয়ায় নিয়ে অমানুষিক নির্যাতন ও ৫১ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— শরীয়তপুরের সদর উপজেলার দড়িহাওলা গ্রামের মুনসুর শিকদারের ছেলে সেলিম শিকদার (৪০) ও একই গ্রামের মৃত হালান খাঁর ছেলে হারুন খাঁ (৫৫)। গতকাল বুধবার (১৭ জুন) রাতে সদর উপজেলার চিতলিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, চিতলিয়া ইউনিয়নের দড়িহাওলা গ্রামের সাইফুল সরদার (২৫) নামের এক যুবককে সরাসরি ইতালি নেওয়ার কথা বলে ২১ লাখ টাকায় চুক্তি করে এই পাচারকারী চক্র। এরপর ২০২৫ সালের অক্টোবর মাসে সাইফুলকে সৌদি আরব ও মিসর হয়ে লিবিয়ায় নিয়ে একটি চক্রের হাতে জিম্মি করা হয়। সেখানে সাইফুলের হাতের আঙুল কেটে ও পিঠে কোপ দিয়ে নির্মম নির্যাতন চালানো হয় এবং সেই নির্যাতনের ভিডিও পরিবারকে পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হয়।
পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার জমি ও সোনা-গয়না বিক্রি করে ধারদেনার মাধ্যমে আরও ৩০ লাখ টাকা পাঠালেও সাইফুলকে মুক্তি দেওয়া হয়নি। গত এক মাস ধরে সাইফুলের কোনো সন্ধান পাচ্ছে না তাঁর পরিবার। এই ঘটনায় সাইফুলের পরিবার শরীয়তপুরের মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনাল একটি মামলা দায়ের করলে আদালত পালং মডেল থানাকে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, আদালতের নির্দেশ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামি সেলিম শিকদার ও হারুন খাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।