দেশে আবারও একটি হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ২৯ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর এলাকায়, যা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। কম্পনের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা ঝাঁকুনি অনুভূত হলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলতি জুন মাসেই দেশে পর পর বেশ কয়েকটি ভূমিকম্পের ঘটনা ঘটল। এর আগে গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর এলাকায়। এছাড়া গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ভুটান কেন্দ্রস্থল বিশিষ্ট ৫ দশমিক ৬ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল সারা দেশ।