কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারা দেশে ব্যাপক রাজনৈতিক সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দেশজুড়ে উচ্চ সতর্কবার্তা (হাই-অ্যালার্ট) জারি করেছে পুলিশ সদর দপ্তর। একাধিক গোয়েন্দা সংস্থার জরুরি প্রতিবেদনের ওপর ভিত্তি করে গত বৃহস্পতিবার (১৮ ১৮ জুন) দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের কাছে এই সংক্রান্ত একটি গোপন ও জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে।
গোয়েন্দা বার্তায় উল্লেখ করা হয়েছে, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলা ও উপজেলা কার্যালয়ে গোপনে বা আচমকা জড়ো হয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং ব্যানার নিয়ে প্রকাশ্যে ঝটিকা মিছিল করার চেষ্টা করতে পারে। নিষিদ্ধ এই দলটির এমন তৎপরতা ঠেকাতে মাঠে থাকা অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হতে পারে। পাশাপাশি, পুলিশ এই কর্মসূচিতে বাধা দিলে ক্ষুব্ধ নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও চড়াও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে এই জরুরি সতর্কবার্তার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, তারা পুলিশ সদর দপ্তরের চিঠি পেয়েছেন। সুনির্দিষ্ট কোনো বড় হুমকি না থাকলেও সামনে ১০ মহররমের পবিত্র আশুরা এবং ২৩ জুনের এই রাজনৈতিক বিষয়টিকে মাথায় রেখে নতুন পরিকল্পনা, নিরাপত্তা চেকপোস্ট ও বিশেষ অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের আমলে দলটির শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়। বর্তমানে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যকলাপে আইনি নিষেধাজ্ঞা বহাল রয়েছে।