নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা মোকাবিলায় সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে পুলিশ সদস্যদের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এই কঠোর নির্দেশনার কথা জানান। তিনি সাফ জানিয়ে দেন, বর্তমান প্রশাসন আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক শক্তি নয়, বরং একটি ‘মাফিয়া দল’ হিসেবে বিবেচনা করে এবং দলটির সব ধরনের প্রকাশ্য কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ।
একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানান, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাইয়ে গ্রেফতার হওয়া বিতর্কিত সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় নথিপত্র ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে রাজধানীর অপরাধপ্রবণ মোহাম্মদপুর এলাকাকে সম্পূর্ণ অপরাধমুক্ত করতে চিরুনি অভিযানের ঘোষণা এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ভেঙে পড়া মনোবল কাটিয়ে পুলিশ বাহিনী এখন পুরোপুরি সক্রিয় এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে ঘটনাস্থলেই কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।