জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং আরও তিন নেতাকর্মীর বিরুদ্ধে লন্ডনের কেমব্রিজ থানায় মামলা দায়ের করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শুক্রবার (১৯ জুন) দায়ের করা এই মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।
শনিবার (২০ জুন) এনসিপি ইউকে অ্যালায়েন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এর মধ্যে জাকির চৌধুরীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।
বিজ্ঞপ্তিতে এনসিপি দাবি করেছে, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এই নতুন নাটক শুরু করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘বেধড়ক পেটানোর’ ভুয়া অভিযোগ এনে এই মামলা করা হয়েছে, যা যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার একটি অপচেষ্টা।
তবে বিজ্ঞপ্তিটিতে একটি ইতিবাচক খবরও দেওয়া হয়েছে। বলা হয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে।
হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, পতিত আওয়ামী লীগ আগেও ব্যর্থ হয়েছে, এবারও হবে। অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহর ঐতিহাসিক বক্তব্য এবং যুক্তরাজ্য জুড়ে প্রবাসীদের সঙ্গে তার সফল মতবিনিময়কে ব্যাহত করতে তারা বারবার চেষ্টা করলেও প্রতিবারই ব্যর্থ হয়েছে।