দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি আধুনিক যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে কলকাতায়। আন্তর্জাতিক যোগ দিবসের দিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে অনুষ্ঠিত এ আয়োজনে ‘আইএনএস দুনাগিরি’, ‘আইএনএস অগ্রয়’ এবং ‘আইএনএস সংশোধক’ আনুষ্ঠানিকভাবে নৌবহরে যুক্ত হয়। উদ্বোধনের পর দুটি জাহাজ আন্দামানমুখী যাত্রার প্রস্তুতি নেয়।
ভারতের প্রতিরক্ষা সক্ষমতা ও আত্মনির্ভর শিল্পনীতির প্রসঙ্গ তুলে মোদি বলেন, শক্তিশালী নৌবাহিনী ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা পূর্ণতা পায় না। তিনি দেশীয় উৎপাদন ও প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা খাতকে ভবিষ্যৎ কৌশলের কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরেন।
ভারতীয় নৌবাহিনীর তথ্য অনুযায়ী, তিন জাহাজের নকশা তৈরি করেছে তাদের নিজস্ব ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। নির্মাণে ব্যবহৃত উপকরণের ৭৫ শতাংশের বেশি স্থানীয় উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। পুরো প্রকল্পে দুই শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান যুক্ত ছিল।
আইএনএস দুনাগিরি একটি স্টেলথ ফ্রিগেট, যা উন্নত ক্ষেপণাস্ত্র ও সেন্সর ব্যবস্থায় সজ্জিত। আইএনএস সংশোধককে হাইড্রোগ্রাফিক জরিপ ও তথ্য সংগ্রহের জন্য প্রস্তুত করা হয়েছে। আর আইএনএস অগ্রয় উপকূল ও অগভীর সমুদ্রে সাবমেরিনবিরোধী অভিযানে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।
ভারত সাম্প্রতিক বছরগুলোতে নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন বাড়ানোর যে কৌশল নিয়েছে, এই তিন যুদ্ধজাহাজ সেই উদ্যোগের নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।