পৌর এলাকায় বিকট শব্দে ককটেল বিস্ফোরণের সূত্র ধরে তল্লাশি চালিয়ে একটি পারিবারিক কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এক বালতি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার (২০ জুন) বিকেলে শরীয়তপুরের জাজিরা পৌরসভার কবিরাজকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
হঠাৎ এই বিস্ফোরণে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জাজিরা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও অনুসন্ধান শুরু করে। তদন্তের একপর্যায়ে বিস্ফোরণস্থল থেকে আনুমানিক ২০০ মিটার দূরে স্থানীয় শাহজাহান বেপারীর পারিবারিক গোরস্তানের ঘন ঝোপঝাড়ে তল্লাশি চালান জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) হেমায়েত।
সেখানে জঙ্গল দিয়ে ঢাকা একটি প্লাস্টিকের বালতির সন্ধান মেলে, যার ভেতরে ঠাসা ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক।
তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরকভর্তি বালতিটি জব্দ করে নিরাপদ হেফাজতে নেয়। নির্জন ও ঝোপঝাড়ে ঘেরা হওয়ায় অপরাধীরা এই স্থানটিকে ককটেল মজুদের নিরাপদ আস্তানা হিসেবে বেছে নিয়েছিল বলে ধারণা করছে স্থানীয় বাসিন্দারা।
কারা এবং কী উদ্দেশ্যে এই শক্তিশালী বিস্ফোরক মজুত করেছিল, তা এখনো উদঘাটন করা যায়নি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহাম্মদ জানান, শনিবার বিকালের বিস্ফোরণের সঙ্গে এই ককটেল চালানের কোনো সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।