প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। মাত্র ১৮ ঘণ্টার সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত নিবিড় এই সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তি এবং শ্রমবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদারে ৩টি বড় চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ সোমবার (২২ জুন) দুপুরে কুয়ালালামপুরে দুই দেশের সরকারপ্রধানের উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর পাশাপাশি দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি এবং সন্ত্রাস দমন সহযোগিতা সংক্রান্ত দুটি পৃথক ‘এক্সচেঞ্জ অব নোটস’ আনুষ্ঠানিকভাবে বিনিময় করা হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে একান্ত এবং সম্প্রসারিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, দুই দেশ মোট ৯টি গুরুত্বপূর্ণ উদীয়মান খাতে অংশীদারিত্ব বাড়াতে ৩৩ দফার একটি ঐতিহাসিক যৌথ বিবৃতি প্রকাশ করেছে। খাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর শিল্প, হালাল ব্যবসা, শিক্ষা, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতা।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির একটি বড় সাফল্যের কথা উল্লেখ করে বলেন, “দুই দেশের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এবার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) বা মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের বিষয়ে চূড়ান্ত অগ্রগতি হয়েছে, যা বিগত ১৭ বছরেও কেউ করতে পারেনি।”
সফরের অন্যতম প্রধান অর্জন ছিল বাংলাদেশের জন্য মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণের বিষয়টি। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সরকারের প্রতি অত্যন্ত কম খরচে, স্বচ্ছ প্রক্রিয়ায় এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করে দ্রুত কর্মী নিয়োগ প্রক্রিয়া চালুর আহ্বান জানান। একই সঙ্গে মালয়েশিয়ায় অনিয়মিত অবস্থায় থাকা কিংবা কারাবন্দি বাংলাদেশিদের প্রতি মানবিক ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি প্রদর্শনের অনুরোধ জানালে মালয়েশীয় কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দেয়।
এছাড়াও সফরকালে মালয়েশিয়ার শীর্ষ ৫টি বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান— পেট্রোনাস, আজিয়াটা, এয়ারএশিয়া, পার্ডুয়া এবং এমএমসি পোর্ট-এর শীর্ষ নির্বাহীরা প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন এবং বাংলাদেশের প্রযুক্তি পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে বড় অঙ্কের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।