ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যা মামলায় এক যুবদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাতে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পবিত্র কুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— বোনারপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ খন্দকার (৩০), স্থানীয় বিএনপি কর্মী রবিউল ইসলাম (৪৫) এবং যুবদল কর্মী শাহ আলম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জুন বোনারপাড়া চারমাথা এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হন শিবির নেতা সাইফুল্লাহ বারী। এ ঘটনায় সোমবার (২২ জুন) রাতে সাঘাটা থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ বোনারপাড়া ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এই তিন আসামিকে গ্রেপ্তার করে। তবে মামলার প্রধান আসামি বোনারপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল ও তার ভাই পলাশসহ অন্য অভিযুক্তরা এখনো পলাতক রয়েছেন।

সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন যুবদল নেতা ও একজন বিএনপি কর্মী থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ঘটনার দিন রাতেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রধান অভিযুক্ত ছাত্রদল নেতা মুকুলকে দল থেকে বহিষ্কার করে জেলা যুবদল। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই খুনের ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং এর কোনো দায় বিএনপি নেবে না।

সাঘাটা থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার জানান, গ্রেপ্তারকৃত তিন আসামিকে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা আদালতে পাঠানো হয়েছে এবং আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামিসহ বাকিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।