ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে নিষিদ্ধ যুবলীগের শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠন যুবলীগের শীর্ষ সন্ত্রাসী মো. সোহেল মিয়া ওরফে টাইগার সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার জিনোদপুর এলাকা থেকে নবীনগর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সোহেল মিয়া স্থানীয় জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত সোহেল মিয়ার বিরুদ্ধে মারামারি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ডাকাতি ও নারী কেলেঙ্কারিসহ নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। সর্বশেষ গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় হাসান মিয়ার বাড়িতে একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার প্রধান অভিযুক্ত হিসেবেও তার নাম উঠে আসে।

এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, বিগত আওয়ামী লীগ সরকারের স্থানীয় সাবেক সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের প্রত্যক্ষ রাজনৈতিক আশ্রয়ে এবং প্রভাবে এলাকায় আধিপত্য বিস্তার করেন সোহেল। এমপির প্রভাব খাটিয়ে তিনি জিনোদপুর বাজার কমিটির সভাপতি পদটিও বাগিয়ে নেন। একপর্যায়ে তিনি নিজের নামের সাথে ‘টাইগার’ উপাধি যুক্ত করে এলাকায় একচ্ছত্র ত্রাসের রাজত্ব কায়েম করেন এবং স্থানীয় মাদকের প্রধান গডফাদার হিসেবে আত্মপ্রকাশ করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “টাইগার সোহেল একজন চিহ্নিত ও তালিকাভুক্ত অপরাধী। তার বিরুদ্ধে নবীনগর থানায় মারামারি, মাদক, চাঁদাবাজি এবং ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধে একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”