বাংলাদেশের অন্যতম শীর্ষ জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কচি কণ্ঠের আসর (কেকেএ)-এর শরীয়তপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। কেন্দ্রীয় কচি কণ্ঠের আসরের অনুমোদন প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার (২৪ জুন) জেলা সদরের চিকন্দি ফুড পার্কে অনুষ্ঠিত এক সভায় পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
জেলা রোভার কমিশনার কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কচি কণ্ঠের আসরের নির্বাহী কমিটির সদস্য ড. মিজানুর রহমান শেলী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের ডিরেক্টর (এইচআর, অ্যাডমিন অ্যান্ড অপারেশনস) পূজা সেনগুপ্তা এবং ডিরেক্টর (স্ট্র্যাটেজিক প্ল্যানিং, প্রেস অ্যান্ড কমিউনিকেশনস) সাদিয়া আরিফিন শান্তা।
নবগঠিত জেলা কমিটিতে কেন্দ্রীয় নদী পরিব্রাজক দলের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুজ্জামান (সিপন) সভাপতি, জেলা রোভার প্রতিনিধি মশিউর রহমান সাধারণ সম্পাদক এবং সাংবাদিক এস এম মজিবুর রহমান অর্থ সচিব নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন জেলা রোভার কমিশনার কামরুল হাসান মোল্লা ও জেলা রোভার সেক্রেটারি মো. শহিদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশ, নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম এবং সাংস্কৃতিক চর্চার প্রসারে কচি কণ্ঠের আসর দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শরীয়তপুর জেলা কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিশু-কিশোরদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে।
এ সময় কচি কণ্ঠের আসরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ও আয়োজনের খসড়া নিয়েও আলোচনা করা হয়।
উল্লেখ্য, ১৯৭৬ সালে বরেণ্য ব্যক্তিত্ব হেমায়েত হোসেনের হাত ধরে প্রতিষ্ঠিত কচি কণ্ঠের আসর বর্তমানে দেশের অন্যতম বৃহৎ ও সুপরিচিত শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন হিসেবে পরিচিত। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিশুদের মেধা বিকাশ, সাংস্কৃতিক চর্চা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের গণ্ডি পেরিয়ে কচি কণ্ঠের আসর ইউএসএ-ও গত ২৬ বছর ধরে সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে।
নবগঠিত শরীয়তপুর জেলা কমিটির মাধ্যমে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালীভাবে বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, সৃজনশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কচি কণ্ঠের আসর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা মত প্রকাশ করেন।