ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেতুর অভাবে ভুগছে ১০ গ্রাম, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

কীর্তিনাশা নদীর বুকে সেতুর অপেক্ষায় কেটে গেছে পাঁচ দশক। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ফেরাঙ্গীকান্দি, নাওডোবা, সিংজালা, নারায়ণপুর, ইকরকান্দি, সূর্যমনি সহ অন্তত ১০ গ্রামের ২০ হাজার মানুষের যাতায়াত এখনও ছোট নৌকার ওপর নির্ভরশীল।

শিক্ষা, চিকিৎসা, বাজার, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিসে যেতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। মাঝি না থাকলে বা নৌকায় সমস্যা হলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। অনেক সময় তিন কিলোমিটার ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়।

সবচেয়ে বেশি ভোগান্তি শিক্ষার্থীদের। নৌকার অপেক্ষায় দেরি হয় স্কুল-কলেজে যেতে। বর্ষায় নদী উত্তাল হলে অভিভাবকেরা সন্তানদের পাঠাতেও ভয় পান। তৃতীয় শ্রেণির সিয়াম হোসেন বলে, বৃষ্টি হলে নদী পার হতে ভয় লাগে। পঞ্চম শ্রেণির জান্নাতুল ফেরদৌস জানায়, নৌকা না থাকলে স্কুলে যাওয়া হয় না। কলেজ শিক্ষার্থী মাহিন আহমেদ বলেন, পরীক্ষায় সময়মতো পৌঁছানো যায় না।

স্থানীয় রফিক হোসেন বলেন, ছোটবেলা থেকে নৌকায় পার হচ্ছি। সেতু হলে শিক্ষা, যোগাযোগ ও অর্থনীতিতে বদল আসবে। ব্যবসায়ী আ. জব্বার জানান, সম্প্রতি ১৫ শিক্ষার্থী নিয়ে নৌকা ডুবেছে, তবু সেতুর কাজ শুরু হয়নি।

ছয় বছর ধরে নৌকা চালানো মাঝি বারেক খান বলেন, আমার সময়ে তিনবার নৌকাডুবি হয়েছে। আমি না থাকলে মানুষকে তিন কিলোমিটার ঘুরতে হয়।

নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, যোগাযোগ সমস্যায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে, পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে।

ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মাদবর বলেন, নারায়ণপুর ও ইকরকান্দি বাজারের মাঝে সেতু নির্মাণ এলাকাবাসীর প্রাণের দাবি। এতে জীবনযাত্রার মান বাড়বে।

উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী জানান, প্রস্তাবিত স্থান পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমোদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।