দানের অর্থ ব্যবস্থাপনায় দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটাতে সরকার নতুন পথে হাঁটল।
শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে বৈঠকে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত কমিটি আগামী এক মাসের মধ্যে দানের টাকার হিসাব ও ব্যয়ের গ্রহণযোগ্য কাঠামো তৈরি করবে।
কমিটিতে আছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক রেজাউল হাসান কয়েস লোদী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, মোতোয়াল্লি পরিবারের দুজন, মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি।
জেলা প্রশাসক থাকছেন কমিটির সচিব।
সম্প্রতি দানবাক্সে তালা দেয়ার ঘটনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এরপরই সরকার অংশীজনদের নিয়ে স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ নেয়।
নতুন কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রচলিত নিয়মেই দানের অর্থ গণনা হবে।
গণনার পর টাকা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ব্যাংকে জমা রাখা হবে।
মন্ত্রী সাফ জানান, অতীত বিতর্কে না গিয়ে ভবিষ্যতের জন্য জবাবদিহি ও অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়াই লক্ষ্য।
বৈঠকে রাজনীতিবিদ, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মাজার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।