ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীর ফুলগাজীতে গৃহবধূকে হাত-পা বেঁধে মুখে টেপ পেঁচিয়ে হত্যা

ঘরের চাল কেটে ঢুকে নৃশংস হত্যা।
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামে তিন সন্তানের মা কাজল আক্তারের মরদেহ উদ্ধার হয়েছে। হাত-পা বাঁধা, মুখে টেপ।

শুক্রবার (২৬ জুন) গভীর রাতে ঘটনা ঘটে বলে ধারণা স্থানীয়দের। সে সময় তিন বছর বয়সী ছেলেকে নিয়ে বাড়িতে একা ছিলেন কাজল।
স্বামী নুরুল আমিন কুয়েতে থাকেন।

সকালে পরিবারের সদস্যরা মরদেহ দেখে পুলিশে খবর দেন। ফুলগাজী থানা পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি নিয়েছে।
ঘটনাস্থলে যায় পিবিআইয়ের বিশেষজ্ঞ দল। আলামত সংগ্রহ করে ছায়া তদন্ত শুরু হয়েছে।

নিহতের বাবা আবদুর রশিদ পাটোয়ারীর অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিত খুন।
তিনি ভাসুর ইসমাইল মাস্টারের দিকে আঙুল তুলেছেন।

ইসমাইল মাস্টার অভিযোগ অস্বীকার করে বলেন, চিৎকার শুনে ঘুম ভেঙেছে। হত্যার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।

অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফুলগাজী থানার ওসি এসএম মিজানুর রহমান জানান, পূর্বপরিকল্পিত কিনা, কারা জড়িত, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।