টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।
শনিবার (২৮ জুন) হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর ইরানের সিরিক, বান্দার-ই-লেঙ্গেহ ও কেশম দ্বীপে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।
পাল্টা পদক্ষেপে আইআরজিসি জানায়, কুয়েতে আলী আল সালেম বিমানঘাঁটি ও বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে।
তবে রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোনো মার্কিন হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর নেই।
হামলার আশঙ্কায় বাহরাইনে সাইরেন বাজানো হয়। কুয়েত জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
ওমান, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত বাহরাইনে হামলার নিন্দা জানিয়েছে।
তেহরানভিত্তিক বিশ্লেষক আব্বাস আসলানি বলেন, হরমুজ প্রণালিকে নতুন আগ্রাসন ঠেকানোর হাতিয়ার হিসেবে দেখছে ইরান। জোর করে পরিস্থিতি বদলানোর চেষ্টা তেহরানের কাছে গ্রহণযোগ্য নয়।
এদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননে নতুন হামলা চালিয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। লেবানন সরকারের সঙ্গে যুদ্ধ অবসানের কাঠামোগত চুক্তির একদিন পরই এ হামলা হলো।