ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক: অর্ধেক জমি অধিগ্রহণেই শেষ ৪৩০ কোটি

শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক নির্মাণকাজ থমকে গেছে।
জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় চক্রের অনিয়ম-দুর্নীতিতে অর্ধেক জমি অধিগ্রহণ করতেই শেষ হয়েছে ৪৩০ কোটি টাকা।

২০১৯-২০ অর্থবছরে ৮৬০ কোটি টাকা ব্যয়ে ৪ লেনের জন্য জমি অধিগ্রহণ ও ২ লেনের সড়ক নির্মাণের উদ্যোগ নেয় সরকার।
এর মধ্যে ৪৩০ কোটি টাকা জমি অধিগ্রহণে, বাকি ৪৩০ কোটি টাকা নির্মাণে বরাদ্দ ছিল।
২০২১ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অগ্রগতি মাত্র ১৫ শতাংশ।
৯৫.৮৫ হেক্টরের মধ্যে অধিগ্রহণ হয়েছে ৪৯ হেক্টর, অর্থাৎ ৫১ শতাংশ।
বরাদ্দ শেষ, এখন কাজ চালাতে আরও ৪১৫ কোটি টাকা চেয়ে প্রস্তাব পাঠিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

অনুসন্ধানে উঠে এসেছে নানা অনিয়ম।
ভেদরগঞ্জের চরতারবুনিয়ায় শফিকুল ইসলামের একতলা ভবনের ওপর ‘দোতলার একাংশ’ দেখিয়ে ২০ লাখ টাকা অতিরিক্ত বিল দেওয়া হয়েছে।
পাপরাইল এলাকায় জয়নাল খাঁর বাগানের ৫.৮ ইঞ্চি মোটা একেকটি গাছের দাম ধরা হয়েছে ৫৬ হাজার টাকা।
অস্তিত্বহীন ২০০ গাছের জন্য ২৮ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ প্রস্তুত।

নিয়ম অনুযায়ী আপত্তি নিষ্পত্তির কথা বিভাগীয় কমিশনারের।
কিন্তু এলএ শাখা নিজেরাই ১২০টি আপত্তি নিষ্পত্তি করে কোটি টাকা ছাড় করেছে।
চরকাশাভোগের শাহিদা বেগমকে প্রথমে বাদ দিয়ে পরে ৪৫ লাখ ৮১ হাজার টাকা দেওয়া হয়। সেখানে এখন ঘরের অস্তিত্ব নেই।

ক্ষতিপূরণের চেক তুলতেও ঘুষ দিতে হয়েছে।
দক্ষিণ মধ্যপাড়ার মনোয়ারা বেগম ও আব্দুল মালেক দম্পতি ১৬ লাখ টাকার চেক তুলতে আড়াই লাখ টাকা ঘুষ দেন।
নান্নু সরদার ২ কোটি ৭৮ লাখ টাকার ৬ শতাংশ, প্রায় ১৬ লাখ টাকা সার্ভেয়ারদের দিতে বাধ্য হন।

সওজের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, ডিপিপিতে জমির টাকা কম ধরা ছিল। জমি না পাওয়ায় ঠিকাদার কাজ করতে পারেনি।
অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল আলম বলেন, এসব অনিয়ম আগের কর্মকর্তাদের সময়ের।
জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম জানান, দায়িত্ব নিয়ে এলএ শাখা ঢেলে সাজিয়েছেন। সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।