ভারতের অরুণাচল প্রদেশে চীনের বিরুদ্ধে নীরবে ভূখণ্ড দখলের অভিযোগ তুলেছে আদিবাসী সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটি (এনডব্লিউএস)।
সংগঠনটির দাবি, আপার সুবানসিরি জেলার সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে রাস্তা, সেতু ও সামরিক ঘাঁটি নির্মাণ করছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।
গত ২৬ জুন ডেপুটি কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিয়েছে এনডব্লিউএস।
তাদের ভাষ্য, ওইং, পানিয়ার, মারপান, পোত্রাং লেক ও টিনডিংটাং—এই পাঁচ এলাকায় স্থানীয়রা আগে গবাদিপশু চরাত, শিকার করত ও বনজ সম্পদ সংগ্রহ করত।
২০২০ সাল পর্যন্ত এলাকাগুলো ব্যবহার হলেও এখন চীনা কার্যকলাপ বেড়েছে।
এনডব্লিউএস সভাপতি কেরু চাদের বলেন, গত ১০ থেকে ১৫ বছর ধরে ধীরে ধীরে রাস্তা ও সামরিক স্থাপনা করে চীন উপস্থিতি বাড়াচ্ছে।
আমাদের পৈতৃক ভূমি, শিকারের এলাকা ও চারণভূমি এখন চীনা পিএলএ-র দখলে।
স্থানীয় বিধায়ক নাকাপ নালো বিষয়টিকে জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বলে তদন্ত দাবি করেছেন।
সাবেক বিধায়ক পাকঙ্গা বাগেও কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছেন।
তবে ভারতীয় সেনাবাহিনী অভিযোগ নাকচ করেছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, চীনা পিএলএ অরুণাচলে অনুপ্রবেশ করে সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবেদন মিথ্যা ও ভিত্তিহীন।
অরুণাচলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মামা নাটুং সোমবার (২৯ জুন) জানান, অভিযোগ যাচাইয়ে বিশেষ কমিটি হবে।
জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও পঞ্চায়েতের তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
যদি অবৈধ দখল হয়, তা অন্যায় হবে বলে তিনি মন্তব্য করেন।
ভারত-চীনের মধ্যে ম্যাকমোহন লাইন নিয়ে দীর্ঘ বিরোধ রয়েছে।
চীন অরুণাচলকে ‘দক্ষিণ তিব্বত’ বলে দাবি করে। ভারত একে অবিচ্ছেদ্য অংশ মনে করে।