ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ৪০ হাজার টাকা নিয়েও দুই বছরেও হয়নি নামজারি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা ভূমি অফিসের এক অফিস সহকারীর বিরুদ্ধে জমির নামজারি (মিউটেশন) করে দেওয়ার কথা বলে ৪০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, টাকা নেওয়ার দুই বছর পার হলেও নামজারির কাজ সম্পন্ন হয়নি। এতে জমি হারানোর শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে সৌদি আরবপ্রবাসী মো. বাবুল হোসেনের। এ ঘটনায় ঘুষ লেনদেনসংক্রান্ত একাধিক কল রেকর্ড এই প্রতিবেদকের হাতে এসেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২০০৪ সালে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লাকার্তা মৌজার ৭৫ নম্বর খতিয়ানের ১১২ নম্বর দাগের ২৪ শতাংশ জমি আলেয়া রহমানের কাছ থেকে কিনেন সৌদি প্রবাসী বাবুল হোসেন। পরে সরকারি জরিপে ভুলবশত জমিটি আবারও বিক্রেতা আলেয়া রহমানের নামেই নামজারি হয়ে যায়।

পরে আলেয়া রহমান নিজের নামে হওয়া নামজারি বাতিল করে ক্রেতা বাবুল হোসেনের নামে নামজারি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রবাসে থাকায় বাবুল হোসেনের পক্ষে তার ভাই খোরশেদ আলম নামজারির আবেদন করেন। কিন্তু দীর্ঘদিন ভূমি অফিসে ঘুরেও কাজ না হওয়ায় ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী তোফাজ্জল হোসেন তাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। পরে ২০২৪ সালের ৫ মে আলেয়া রহমানের ছেলে, স্কুলশিক্ষক আনিসুর রহমান এবং খোরশেদ আলম মিলে তোফাজ্জল হোসেনকে ৪০ হাজার টাকা দেন।
অভিযোগ অনুযায়ী, টাকা নেওয়ার পর এক মাসের মধ্যে নামজারির কাজ করে দেওয়ার আশ্বাস দিলেও দুই বছর পেরিয়ে গেলেও কাজ সম্পন্ন হয়নি। বারবার যোগাযোগ করলেও আজ-কাল বলে সময়ক্ষেপণ করা হচ্ছে। এমনকি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে টাকা ফেরত দেওয়ার কথা উঠলেও এখন পর্যন্ত তা ফেরত দেওয়া হয়নি।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, শুধু এ ঘটনাই নয়, ঘুষের বিনিময়ে অবৈধ বালু উত্তোলন, কৃষিজমিতে পুকুর খনন, সরকারি খাসজমিতে স্থাপনা নির্মাণ এবং পুকুর ভরাটসহ বিভিন্ন অবৈধ কাজে প্রশাসনের নাম ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে ওই অফিস সহকারীর বিরুদ্ধে।

জমির সাবেক মালিক আলেয়া রহমান বলেন, “আমি বৃদ্ধ মানুষ। বাবুলের কাছে জমি বিক্রি করে টাকা নিয়েছি। এখন জমি তার নামে বুঝিয়ে দিতে না পারলে আল্লাহর কাছে কী জবাব দেব? ঘুষ দিয়েও যদি কাজ না হয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কোথায় যাবে?”

সখিপুর ইউনিয়নের বাসিন্দা সবুজ মিয়া বলেন, “টাকা দিলে তোফাজ্জল হোসেন দ্রুত কাজ করে দেন, আর টাকা না দিলে মাসের পর মাস ঘুরতে হয়। অনেক সাধারণ মানুষ নামজারির নিয়ম জানেন না। তাদের এই সুযোগে হয়রানি করা হয়। আমিও আগে দুই মাস ঘুরে পরে ৮ হাজার টাকা দিয়ে নামজারির কাজ করিয়েছি।”

প্রবাসী বাবুল হোসেন বলেন, “জমিটি ২০০৪ সালে বৈধভাবে কিনেছি। পরে জানতে পারি ভুলবশত রেকর্ড আগের মালিকের নামে হয়েছে। সংশোধনের জন্য আবেদন করার পর অফিস সহকারী তোফাজ্জল হোসেনের সঙ্গে ৪০ হাজার টাকায় চুক্তি হয়। টাকা নেওয়ার পরও দুই বছর ধরে শুধু ঘুরাচ্ছেন। এখন কাজও হচ্ছে না, টাকাও ফেরত দিচ্ছেন না। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

বাবুল হোসেনের ভাই খোরশেদ আলম বলেন, “প্রথমে আমাদের ৫০ হাজার টাকা দিতে বলা হয়েছিল। পরে ৪০ হাজার টাকায় সমঝোতা হয়। টাকা দেওয়ার সময় এক মাসের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু দুই বছরেও কোনো অগ্রগতি নেই। পরে টাকা ফেরত চাইলেও সেটিও দেওয়া হয়নি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী তোফাজ্জল হোসেন বলেন, “প্রতিদিন শত শত মানুষ অফিসে আসে। কে কখন আবেদন করেছে, সেটা আমার মনে নেই। টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়। যদি কোনো প্রমাণ থাকে, তাহলে সংবাদ প্রকাশ করুন।”

ঘুষ লেনদেনের ফোন রেকর্ড ও হোয়াটসঅ্যাপে কথোপকথনের তথ্য রয়েছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আপনি সন্ধ্যার পরে যোগাযোগ করেন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তাহলে ভুক্তভোগীর কাজটি করে দেব। আমাকে এক সপ্তাহ সময় দিতে হবে।”

এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বি বলেন, “আমার অফিস সবার জন্য উন্মুক্ত। দালালের কাছে না গিয়ে সরাসরি আমার কাছে এলেই হয়। ঘটনাটি দুই বছর আগের। তখন এখানে অন্য কর্মকর্তারা দায়িত্বে ছিলেন। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”