কোনো ধরনের ঘুষ, তদবির বা প্রভাবের আশ্রয় ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আট তরুণ-তরুণী। তাদের এই সাফল্যে আনন্দ ও গর্বে ভাসছে পুরো রাঙ্গুনিয়া।
দীর্ঘদিন ধরে পুলিশে চাকরি পেতে ঘুষ ও প্রভাবের যে নেতিবাচক ধারণা প্রচলিত ছিল, এবার তার ব্যতিক্রমী এক উদাহরণ সৃষ্টি হয়েছে রাঙ্গুনিয়ায়। সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত হওয়ায় নতুন এই পুলিশ সদস্যদের নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
সোমবার (২৯ জুন) সকালে রাঙ্গুনিয়া মডেল থানায় নবনিযুক্ত আট তরুণ-তরুণীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন ফুল দিয়ে তাদের বরণ করে নেন এবং মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় থানায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নবীন পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে ওসি মোহাম্মদ জহির উদ্দিন বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে তারা যেন বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখেন এবং জনগণের আস্থা অর্জনে ভূমিকা রাখেন।
এ সময় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা নবীনদের শুভেচ্ছা জানান এবং তাদের সফল কর্মজীবন কামনা করেন।