ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরের সখিপুর ঝুঁকিপূর্ণ স্টিল ব্রিজে আতঙ্ক, দ্রুত সংস্কারের দাবি

শরীয়তপুর জেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি স্টিল ব্রিজ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। ব্রিজটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন আতঙ্ক নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটির পাশে একটি মহিলা মাদ্রাসা ও একটি মসজিদ রয়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ মানুষ এই ব্রিজ ব্যবহার করে যাতায়াত করেন। কিন্তু ব্রিজটির বিভিন্ন অংশ নষ্ট হয়ে যাওয়ায় চলাচল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা পি. এম. মানিক বলেন, “ব্রিজটি অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মানুষ এটি পারাপার হচ্ছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন একটি ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। এ বিষয়ে শরীয়তপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
এলাকাবাসীর দাবি, নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা হোক। তাদের মতে, সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় প্রাণহানির মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।