ঢাকা: ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বিমান হামলায় নিহত এই নেতার রাষ্ট্রীয় জানাজা আগামী ৪ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে তেহরানের উদ্দেশে রওনা হন তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান স্পিকারের এই সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। আগামী ৯ জুলাই মাশহাদে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আল জাজিরার দাবি, তার এই বিদায় অনুষ্ঠানে অন্তত ২ কোটি মানুষের সমাগম হতে পারে।
১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে ছিলেন খামেনি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী ৪ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।