ঢাকা: দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৯ জন।
বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে সারাদেশে মোট ৭২৪টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ৯৩ জনের হাম নিশ্চিত করা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সাড়ে তিন মাসে ১ লাখ ২ হাজার ৯৯৩ জন হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। এর মধ্যে ল্যাবে ১২ হাজার ২৮৬ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৮৬ হাজারের বেশি শিশুকে।
বিশেষজ্ঞরা বলছেন, অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এই ভাইরাসের ঝুঁকি অনেক বেশি। সঠিক সময়ে টিকা নিশ্চিত করতে না পারলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। শিশুদের শরীরে কোনো উপসর্গ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।