বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ এক আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার দীর্ঘ সময় পর গভীর রাতে দেনদরবারের মাধ্যমে পুলিশ তাদের ব্যবহৃত হ্যান্ডকাফটি উদ্ধার করতে সক্ষম হয়।
স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজার থেকে রাসেদুল ইসলাম সেতু ভূঁইয়া নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে হ্যান্ডকাফ পরানোর পর বাজারের উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে ফেলে এবং ধস্তাধস্তির একপর্যায়ে হ্যান্ডকাফসহ তাকে পুলিশের কব্জা থেকে ছিনিয়ে নিয়ে যায়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতির সুযোগ নিয়ে স্থানীয়রা আসামি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে হ্যান্ডকাফটি ফেরত পাওয়া গেছে। তবে আসামি এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে।