ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে শিল-পাটায় হত্যা, ছেলে গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘুমন্ত অবস্থায় শিল-পাটা দিয়ে পিতা উত্তম দেবনাথকে (৬০) হত্যা করেছে পুত্র তাপস দেবনাথ। এ ঘটনায় পুত্র তাপসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) রাত ৪টার দিকে উপজেলার দেউলি সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উত্তম দেবনাথ পূর্ব সুবিদখালী গ্রামের মহেন্দ্র দেবনাথের পুত্র। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে উত্তম দেবনাথ ও ছেলে তাপস দেবনাথ নিজ ঘরে এবং উত্তম দেবনাথের স্ত্রী কানন দেবনাথ ঘরের পিছনে বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত ৪টার দিকে তাপস দেবনাথ ঘরে রাখা শিল-পাটা দিয়ে বাবার কপালে আঘাত করেন। উত্তম দেবনাথ চিৎকার দেন।

স্ত্রী কানন দেবনাথ ঘরে গিয়ে স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে উত্তম দেবনাথকে রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান।

স্থানীয় ইউপি সদস্য মো. মোশারেফ হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে সকাল ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উত্তম দেবনাথের মরদেহ উদ্ধার করে। এসময় নিহতের পুত্র অভিযুক্ত তাপসকে পুলিশ আটক করে।

মির্জাগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পুত্র তাপসকে আটক করা হয়েছে।