ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের অবমাননা করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের তীব্র সমালোচনা করেছেন ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু হোরায়রা। তিনি প্রশ্ন তুলেছেন, শাওন কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও বেশি শক্তিশালী কি না এবং তিনি এই দুঃসাহস কোথা থেকে পান।
শনিবার (৪ জুলাই) সকালে শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বক্তব্য দেওয়ার সময় এই দাবি জানান ছাত্রদল নেতা। ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করে।
আবু হোরায়রা তাঁর বক্তব্যে বলেন, সম্প্রতি মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক স্ট্যাটাস জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের চরমভাবে হেয় করেছে। সাবেক স্বৈরাচারের দোসররা এখনো কীভাবে এই ধরনের দম্ভ দেখানোর সাহস পায়, তা নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি অবিলম্বে শাওনকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান। জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।