নোয়াখালী: রূপালি ইলিশের ভরা মৌসুম চললেও নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া সংলগ্ন মেঘনা নদীতে কাঙ্ক্ষিত মাছের দেখা মিলছে না। দিন-রাত নদীতে জাল ফেলে খালি হাতে ফিরতে হচ্ছে জেলেদের। ফলে চরম আর্থিক লোকসানে পড়েছেন স্থানীয় ট্রলার মালিক, আড়তদার, বরফকলের শ্রমিক ও মৎস্য ব্যবসায়ীরা। মাছের এই তীব্র সংকটে উপকূলের লক্ষাধিক মানুষের জীবন-জীবিকা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।
সরেজমিনে চেয়ারম্যানঘাট, বাংলাবাজার, সূর্যমুখী ও নিঝুমদ্বীপসহ বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা গেছে, চিরচেনা ব্যস্ত মাছঘাটগুলো এখন সম্পূর্ণ নিস্তেজ। নেই ট্রলারের ভিড় কিংবা ক্রেতা-বিক্রেতাদের হাকডাক। প্রতি বছর এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ইলিশের মূল মৌসুম হলেও এবার চিত্র পুরো উল্টো। জেলেরা জানান, দাদন ও চড়া সুদে এনজিওর ঋণ নিয়ে ট্রলার মেরামত করে নদীতে নেমেও তারা তেলের খরচ তুলতে পারছেন না।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান এই সংকটের নেপথ্যে জলবায়ু পরিবর্তন, নদীতে নব্যতা সংকট ও ডুবোচরের সৃষ্টি, স্রোতের গতিপথ বদল এবং অতিরিক্ত শিল্পবর্জ্যকে দায়ী করেছেন। তবে মৌসুমের বাকি দিনগুলোতে অনুকূল পরিবেশ তৈরি হলে মেঘনায় আবার ঝাঁকে ঝাঁকে ইলিশের দেখা মিলবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।