ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ট্রাফিক চেকপোস্টে গাড়ির কাগজ দেখিয়ে আইন মানার দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি আসলাম

শরীয়তপুরে ট্রাফিক পুলিশের নিয়মিত চেকপোস্টে নিজের ব্যক্তিগত গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করে আইন মেনে চলার ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।

শনিবার (৪ জুলাই) বিকেলে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম নিজেই ব্যক্তিগত প্রাইভেটকার চালিয়ে আংগারিয়া এলাকায় যাচ্ছিলেন। এ সময় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ট্রাফিক পুলিশের টাউন সাব-ইন্সপেক্টর ফললুল দাদন তার গাড়ি থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান।
এ সময় সংসদ সদস্য হিসেবে কোনো ধরনের বিশেষ সুবিধা গ্রহণ না করে তিনি স্বতঃস্ফূর্তভাবে গাড়ির রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র এবং নিজের ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করেন। কাগজপত্র যাচাই শেষে ট্রাফিক পুলিশ তাকে ধন্যবাদ জানিয়ে গন্তব্যে যাওয়ার অনুমতি দেন। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি পুরো ঘটনাটি মুঠোফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক প্রশংসা কুড়ায়। স্থানীয়দের মতে, একজন জনপ্রতিনিধির এমন দায়িত্বশীল ও আইনানুগ আচরণ সমাজে আইনের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি করবে। তারা মনে করেন, এতে সাধারণ মানুষও ট্রাফিক আইনসহ দেশের প্রচলিত আইন মেনে চলতে আরও বেশি উৎসাহিত হবেন।

নাঈম ইসলাম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশ যখন তার গাড়ি থামিয়ে গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই করছিলো আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। পাশ থেকে অনেকেই বিষয়টি আঁড়চোখে দেখছিলো। তবে সংসদ সদস্য খুব শান্তভাবেই তার বৈধ কাগজপত্র দেখাচ্ছিলেন। বিষয়টি সত্যিই প্রশংসনীয়। আমরা মনে করি প্রত্যেক মানুষের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।

এ ব্যাপারে ট্রাফিক পুলিশের টাউন সাব ইন্সপেক্টর
ফললুল দাদন বলেন, সংসদ সদস্য গাড়ির বৈধ কাগজপত্র দেখিয়ে আমাকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও তিনি তখন সকলের উদ্দেশ্যে বলেছেন, পুলিশ আমার গাড়ি চেক করেছে। আপনার সবাই সঠিক কাগজ নিয়ে রাস্তায় চলাচল করবেন। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

এ ব্যাপারে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম বলেন, আমি মনে করি এধরণের অফিসার থাকা দরকার। তিনি আমার গাড়ি থামিয়ে গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করেছে। আমিও আমার সকল কাগজপত্র দেখালাম। শেষে তাকে সাধুবাদ জানিয়েছি। আমি ফিল করি, আমি যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকি, তাহলে আমিও অপরাধী এবং কাঠগড়ায় দাঁড়াবো। কোনো মানুষ আইনের উর্ধ্বে নয়। আইনের প্রতি সকলের শ্রদ্ধাশীল হওয়া দরকার। তিনি আমার কাগজপত্র চেক করার মানে ধৃষ্টতা দেখানো নয়। আমি তাকে সাধুবাদ জানাই তিনি তার আইনের প্রতিপালন করেছে।