ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি মাসেই চালু হচ্ছে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: এমপি কিরন

দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে চলতি মাসেই চালু হতে যাচ্ছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার বহুল প্রতীক্ষিত ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আগামী ১৮ থেকে ২০ জুলাইয়ের মধ্যে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন এবং চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরন।

শনিবার ভেদরগঞ্জ উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই মেশিন ও কৃষি প্রণোদনা কর্মসূচির কৃষি উপকরণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এমপি শফিকুর রহমান কিরন বলেন, দীর্ঘদিন মামলার কারণে হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি। নড়িয়া উপজেলার লাখো মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠকে হাসপাতালটি চালুর বিষয়টি তুলে ধরেন। পরে মামলার প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্টদের কাছে উপস্থাপন করা হলে বিষয়টি পুনরায় হাইকোর্টে শুনানির জন্য ওঠে এবং আইনি জটিলতার অবসান হয়। ফলে হাসপাতালটি চালুর আর কোনো বাধা নেই বলে তিনি জানান।

তিনি আরও বলেন, জেলা সিভিল সার্জনের নেতৃত্বে হাসপাতাল চালুর প্রস্তুতি চলছে। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি অঙ্গীকারবদ্ধ। ইনশাআল্লাহ আগামী ১৮ থেকে ২০ জুলাইয়ের মধ্যে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এবং সব ধরনের চিকিৎসাসেবা চালু হবে।

উদ্বোধনের আগেই হাসপাতালের মালামাল চুরির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি কিরন বলেন, হাসপাতালটি এখনো আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে হস্তান্তর করা হয়নি; এটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বেই রয়েছে। তাই এ সময়ে সংঘটিত চুরির দায় ঠিকাদারি প্রতিষ্ঠানকেই নিতে হবে। তিনি বলেন, “সরকারের কাছে ভবন বুঝিয়ে দেওয়ার আগেই এ ধরনের চুরির ঘটনা ঘটেছে। আমার ধারণা, কোনো অসৎ উদ্দেশ্য হাসিলের জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে।”

উল্লেখ্য, প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন আইনি জটিলতার কারণে চালু করা সম্ভব হয়নি। এ সময় ভবনটি অরক্ষিত থাকায় একাধিকবার চুরির ঘটনায় সরকারি মূল্যবান যন্ত্রপাতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হাসপাতালটি চালু হলে নড়িয়া ও আশপাশের এলাকার কয়েক লাখ মানুষ আধুনিক চিকিৎসাসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।