ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিক সেবায় স্টার অ্যাওয়ার্ড পেল মনুয়া ফাউন্ডেশন

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘স্টার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মনুয়া গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মনুয়া ফাউন্ডেশন (চার মৌজা)’।
শনিবার (৪ জুলাই, ২০২৬) ঢাকার কেন্দ্রীয় কচি-কাচার মেলা অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সংগঠনটির প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রস্তাবিত ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট মো. বরকতউল্লাহ খান। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. প্রকৌশলী মো. রশিদুল হাসান। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভয়েস অব ডেমোক্রেসি (ভিওডি)-এর হেড অব নিউজ এ এইচ এম রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রস্তাবিত ভাইস-চেয়ারম্যান আর এস এম নিজাম উদ্দিন, ফুলের হাসি ফাউন্ডেশন ও গ্রীনলিফ ম্যাগাজিনের সম্পাদক মো. তসলিম হাসান হৃদয় এবং বঞ্চিত শিশু অধিকার ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মনুয়া ফাউন্ডেশন (চার মৌজা) দীর্ঘদিন ধরে নীরবে মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা মহামারির সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জরুরি রক্তদান কর্মসূচি পরিচালনা, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সংগঠনটি মানুষের আস্থা অর্জন করেছে।
বক্তারা আরও বলেন, সমাজের পরিবর্তনে তৃণমূল পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনুয়া ফাউন্ডেশনের মতো সংগঠনগুলো মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলতে অনুকরণীয় ভূমিকা পালন করছে।
সম্মাননা পাওয়ার পর সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রতিনিধিরা বলেন, এই অর্জন তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও মানবতার কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় সংগঠনের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী, দাতা, স্বেচ্ছাসেবক এবং মনুয়া, আটেরপাড়া, আরজিপম ও আইঝড়া—এই চার মৌজার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।